শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন প্রদান করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন প্রদান করা হয়েছে। আমি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার ঘোষণার মতো একটি প্রশাসনিক ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পিত হামলার মাধ্যমে একজন জনপ্রিয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনা ও শোকের কারণ। অথচ রক্তের দাগ শুকানোর আগেই হত্যা মামলার প্রধান আসামিসহ ৪০ জন আসামিকে আগাম জামিন দেওয়ায় দেশবাসীর প্রশ্ন- তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনা সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
তিনি বলেন, আমরা মনে করি, একটি স্পষ্ট ও আলোচিত হত্যাকাণ্ডের মামলায় এ ধরনের সিদ্ধান্ত অপরাধীদের সাহস জোগাবে এবং ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতাকে আরও উৎসাহিত করবে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি বিচার প্রক্রিয়ার প্রতি জনগণ আস্থা হারাবে।
আমি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য অভিযুক্ত আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, উচ্চ আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।”